এএফসি অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের বয়সভিত্তিক দলের প্রস্তুতি কার্যক্রম জোরদার করেছে। যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে বর্তমানে এই দুই দলের আবাসিক ক্যাম্প চলছে। আগামী আগস্টের শেষ সপ্তাহ ও সেপ্টেম্বরে উজবেকিস্তানের তাসখন্দে অনূর্ধ্ব-২০ দলের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। ৩১শে আগস্ট থেকে ৬ই সেপ্টেম্বর পর্যন্ত চলা এই টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে স্বাগতিক উজবেকিস্তান, সিরিয়া ও ভারত।
সোমবার রাজধানীর মতিঝিলে বাফুফে ভবনে ডেভেলপমেন্ট কমিটির দশম সভায় এই প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী জানান, অনূর্ধ্ব-২০ দলের সাথে বর্তমানে একজন হেড কোচ, একজন ফিটনেস কোচ ও একজন গোলকিপিং কোচসহ বিদেশি কোচিং স্টাফ কাজ করছেন। এছাড়াও ফেডারেশনের নিজস্ব কোচ, সহকারী, ফিজিওথেরাপিস্ট ও সাপোর্ট টেকনিশিয়ানরা নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন। প্রস্তুতিপর্বের অংশ হিসেবে দলটি ইতিমধ্যে সেনাবাহিনীর দুটি দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে।
দলের শক্তি বাড়াতে বাফুফে প্রবাসী ফুটবলারদের ওপর বিশেষ নজর দিয়েছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে মোট পাঁচজন খেলোয়াড়কে ক্যাম্পে যুক্ত করার প্রক্রিয়া চলছে। এর মধ্যে সর্বশেষ সংযোজন ইংল্যান্ড প্রবাসী ১৯ বছর বয়সী উইঙ্গার অ্যাডাম আব্বাস, যিনি ম্যানচেস্টার ইউনাইটেডের যুবদল ও বার্নলি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলেছেন। আগামী ৭ বা ৮ই আগস্ট তিনি ঢাকায় পৌঁছাবেন। এছাড়া ইংল্যান্ড প্রবাসী ডিফেন্ডার জিদান ইউসুফ ও মাহি খান ইতিমধ্যে ক্যাম্পে যোগ দিয়েছেন এবং অস্ট্রেলিয়া প্রবাসী ঈশান মালিক ও যুক্তরাষ্ট্র প্রবাসী ফারজাদ আফতাব যোগ দেওয়ার অপেক্ষায় আছেন।
তবে দলের স্ট্রাইকার মাহিমকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। সেনাবাহিনীর দলের বিপক্ষে খেলার সময় কব্জিতে চোট পান তিনি। নাসের শাহরিয়ার জাহেদী জানিয়েছেন, মাহিমের রিস্ট ফ্র্যাকচার খুব একটা জটিল নয় এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিন সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, অনূর্ধ্ব-১৭ দলের প্রস্তুতিও সমান তালে এগিয়ে চলছে। প্রথম পর্যায়ে ৩৫ জন খেলোয়াড় যশোরের ক্যাম্পে অংশ নিচ্ছেন এবং আগামী ১৬-১৭ আগস্টের পর আরও ৩০-৩৫ জন খেলোয়াড় ক্যাম্পে যোগ দেবেন। ধাপে ধাপে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নভেম্বরে শুরু হতে যাওয়া বাছাইপর্বের জন্য চূড়ান্ত স্কোয়াড গঠন করা হবে বলে জানিয়েছে বাফুফে।





