বাংলাদেশের পেস আক্রমণে সতর্ক দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা

প্রকাশ:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর দক্ষিণ আফ্রিকার সামনে এখন নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার নতুন চ্যালেঞ্জ। সেই লক্ষ্য নিয়ে ঘরের মাঠে ব্যস্ত সূচি পার করতে যাচ্ছে প্রোটিয়ারা। অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে শুরু হওয়া এই যাত্রায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজও তাদের নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের গুরুত্বপূর্ণ অংশ। সিরিজটি মাঠে গড়ানোর আগেই বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।

বিশেষ করে নাহিদ রানা ও শরীফুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশের পেস আক্রমণকে বেশ সমীহ করছেন বাভুমা। তার মতে, বাংলাদেশের বোলিং ইউনিট বেশ শক্তিশালী এবং তারা সিরিজজুড়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখার ক্ষমতা রাখে। বাভুমা বলেন, বাংলাদেশের বোলিং আক্রমণ ভালো এবং তারা অবশ্যই আমাদের চাপে রাখবে।

দক্ষিণ আফ্রিকার এই ব্যস্ত সূচি শুরু হবে ৯ অক্টোবর ডারবানের কিংসমিডে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। এরপর সেন্ট জর্জেস পার্ক ও কেপটাউনের নিউল্যান্ডসে হবে সিরিজের বাকি দুটি টেস্ট। অস্ট্রেলিয়া পর্ব শেষ করেই তারা বাংলাদেশের মুখোমুখি হবে। সিরিজের প্রথম টেস্ট হবে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে এবং দ্বিতীয়টি সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। এর পরপরই ডিসেম্বর ও জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষেও তিন ম্যাচের সিরিজ খেলবে বাভুমার দল।

প্রতিপক্ষের বিষয়ে বাভুমার সতর্কতার পেছনে সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে নজর রাখার বিষয়টিও স্পষ্ট। তিনি ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচের ফলাফলের দিকেও চোখ রেখেছেন। অস্ট্রেলিয়া প্রথম টেস্টে পরাজিত হলেও, তারা ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন প্রোটিয়া অধিনায়ক।

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর দক্ষিণ আফ্রিকার প্রতি এখন বিশ্ব ক্রিকেটের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। বাভুমার কথায়, এখন যারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে, তারা বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাই করতে চাইবে। তিনি বলেন, আমাদের ওপর টার্গেট আছে—এমনটা যদি বলা যায়। যদি কোনো চাপ থাকে, তবে তা হলো সেই চাপের সঙ্গে মানিয়ে নেওয়া এবং নিজেদের প্রত্যাশা পূরণ করা।

শিরোপা জয়ের পর এখন দক্ষিণ আফ্রিকা আর শিকারি নয়, বরং শিকার। নভেম্বরে যখন বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে, তখন বাভুমার দলের জন্য বড় পরীক্ষা হবে বাংলাদেশের ব্যাটারদের পাশাপাশি নাহিদ-শরীফুলদের সামলানো। বাভুমার মন্তব্যেই পরিষ্কার যে, বিশ্ব চ্যাম্পিয়নরা বাংলাদেশকে একটি বড় পরীক্ষার অংশ হিসেবেই দেখছে।

শেয়ার করুন