ফল আমদানির ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে এতদিন যে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা ছিল, তা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৬ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করেছে। এখন থেকে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে ফল আমদানির ক্ষেত্রে নগদ মার্জিনের হার নির্ধারিত হবে।
দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা সুসংহত রাখতে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর বিভিন্ন বিলাসজাতীয় ও বিকল্প পণ্যের আমদানিতে ১০০ শতাংশ নগদ মার্জিনের নির্দেশ দেওয়া হয়েছিল, যার মধ্যে ফলও অন্তর্ভুক্ত ছিল।
তবে বর্তমান পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও লেনদেনে স্থিতিশীলতা ফিরে আসায় এই বিধিনিষেধের প্রয়োজনীয়তা কমেছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। জনস্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পূরণ এবং প্রতিযোগিতামূলক বাজারের মাধ্যমে ফলের সরবরাহ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং আগের সার্কুলারের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।





