চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ছায়েদুর রহমানের সহকর্মীরা জানিয়েছেন, প্রায় দুই বছর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পেয়েছিলেন। ঘটনার দিন বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে একটি সভায় অংশ নিয়েছিলেন এবং সে সময় তাকে স্বাভাবিক ও হাসিখুশি দেখাচ্ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার পর ছায়েদুর রহমানের স্ত্রী তাদের নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। যাওয়ার সময় তিনি তার স্ত্রীকে দ্রুত বাসায় ফিরে আসার অনুরোধ করেছিলেন। পরে স্ত্রী বাসায় ফিরে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে।
ব্যক্তিগত জীবনে ছায়েদুর রহমান তিন মেয়ের জনক ছিলেন। তার বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে এমবিবিএস পড়ছেন; তারা উভয়েই ঢাকায় বসবাস করেন। মেজ মেয়ে পেশায় চিকিৎসক এবং তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন।





