বিনা সুদে ডিজিটাল ঋণের নতুন সুবিধা আনছে বাংলাদেশ ব্যাংক

প্রকাশ:

গ্রাহকদের দৈনন্দিন প্রয়োজনীয় খরচ মেটাতে ডিজিটাল মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ দেয়ার একটি নতুন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘ই-পেমেন্ট ক্রেডিট’ নামে পরিচিত এই সুবিধাটি আগামী রোববার (৫ সেপ্টেম্বর) থেকে চালু হতে পারে।

এই ঋণের অর্থ বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, শিক্ষা ও চিকিৎসা ব্যয়, ভ্রমণ খরচ, সরকারি কর ও সেবার ফি, বিমার প্রিমিয়াম এবং ঋণ বা আমানতের কিস্তি পরিশোধের কাজে ব্যবহার করা যাবে। তবে এই ঋণের অর্থ কোনোভাবেই নগদ উত্তোলন করা যাবে না। এমনকি গ্রাহকের ব্যাংক হিসাব বা মোবাইল আর্থিক সেবার (এমএফএস) ওয়ালেটেও এই অর্থ স্থানান্তর করা সম্ভব হবে না। অনুমোদিত ঋণের অর্থ সরাসরি ডিজিটাল পেমেন্ট চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট সেবাদাতাকে পরিশোধ করতে হবে।

ঋণ পরিশোধের জন্য গ্রাহকরা ৭, ১৫ ও ৩০ দিনের মেয়াদ পাবেন। এতে কোনো সুদ প্রযোজ্য হবে না, তবে ব্যাংকগুলো নির্ধারিত সেবা ফি নেবে। ৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ৭ দিনের জন্য ৩ টাকা, ১৫ দিনের জন্য ৪ টাকা এবং ৩০ দিনের জন্য ৬ টাকা সেবা ফি নির্ধারণ করা হয়েছে। আবার ৭ হাজার ১ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ৭ দিনের জন্য সর্বোচ্চ ৩৫ টাকা, ১৫ দিনের জন্য ৭০ টাকা এবং ৩০ দিনের জন্য ১৩০ টাকা ফি নেয়া যাবে। নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করলে কোনো বাড়তি সুদ বা ফি দিতে হবে না, তবে নির্দিষ্ট সময়ের পর পরিশোধ করলে জরিমানা আরোপ করা হতে পারে, যা দৈনিক সেবা ফির বেশি হবে না।

প্রাথমিকভাবে অন্তত ছয় মাস ব্যাংকগুলো পরীক্ষামূলকভাবে (পাইলট) এই কার্যক্রম পরিচালনা করবে। এরপর ফলাফলের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে এটি বাণিজ্যিকভাবে চালু করা হবে। ব্যাংকগুলোকে গ্রাহক নিবন্ধন থেকে শুরু করে ঋণ অনুমোদন ও ফেরত নেয়ার পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। এছাড়া লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে ওটিপি (এককালীন পাসওয়ার্ড) বা একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ব্যবহারের বাধ্যবাধকতা রাখা হয়েছে। এই সুবিধা পরিচালনার ক্ষেত্রে ব্যাংকগুলো এমএফএস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও ফিনটেক প্রতিষ্ঠানের সাথে অংশীদারত্ব করতে পারবে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, এই উদ্যোগের ফলে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বৃদ্ধির পাশাপাশি গ্রাহকরা ছোট অঙ্কের ঋণ পাওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন।

শেয়ার করুন