টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট ঝুঁকি ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ জুলাই) রাতে বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পার্বত্য জেলায় চলমান প্রতিকূল আবহাওয়া এবং ভারী বর্ষণের ফলে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই পরিস্থিতি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা রক্ষায় ১০ জুলাই ২০২৬ (শুক্রবার) পর্যন্ত জেলার সকল পর্যটন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা স্থানগুলোর মধ্যে রয়েছে জেলার সব পর্যটন কেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ এবং দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকা। এই সময়ের মধ্যে পর্যটক এবং ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ওইসব স্থানে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।





