বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের জোড়া হামলায় ২৫ পাকিস্তানি সেনা নিহত

প্রকাশ:

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) পৃথক দুটি হামলায় মোট ২৫ জন পাকিস্তানি সামরিক সদস্য নিহত হয়েছেন। এই ভয়াবহ হামলায় বাহিনীর অন্তত তিনটি সামরিক যান ধ্বংস হয়েছে বলেও সংগঠনটি দাবি করেছে।

বিএলএর মুখপাত্র জিয়ন্দ বেলুচ গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, জিয়ারাত ক্রস এলাকায় তাদের যোদ্ধারা পাকিস্তানের একটি সামরিক বহরের চারটি গাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে একটি সামরিক ট্রাকসহ মোট দুটি গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং ১৮ জন পাক সেনা সদস্য প্রাণ হারান। বিবৃতিতে আরও দাবি করা হয়, হামলায় আহত হওয়া আরও পাঁচজন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। এছাড়া হামলাকারীরা পাকিস্তানি বহর থেকে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করেছে বলে জানিয়েছে বিএলএ। এই অভিযানে সংগঠনটির ‘ফাতেহ স্কোয়াড’ অংশ নেয় এবং ঘটনার সপক্ষে হাক্কাল নামক গণমাধ্যম চ্যানেলে ১ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও ট্রেলারও প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে জ্বলন্ত সামরিক যান ও ঘটনাস্থলের কাছে সশস্ত্র ব্যক্তিদের উপস্থিতির দৃশ্য দেখা গেছে। বিএলএ জানিয়েছে, হামলার পূর্ণাঙ্গ ভিডিও পরে প্রকাশ করা হবে।

একই দিনে সুরাবের হাজিকা এলাকায় আরেকটি পৃথক হামলার ঘটনা ঘটে। সেখানে বিএলএর স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশনস স্কোয়াড (এসটিওএস) বিস্ফোরকবোঝাই একটি গাড়ি ব্যবহার করে সামরিক বাহিনীর একটি যানে হামলা চালায়। এতে সাতজন সেনা সদস্য নিহত এবং একটি সামরিক যান ধ্বংস হওয়ার দাবি করেছে সংগঠনটি। এই হামলার বিষয়ে আরও বিস্তারিত তাদের সাপ্তাহিক বিবৃতিতে জানানো হবে বলে বিএলএ উল্লেখ করেছে।

অন্যদিকে, এই হামলার ঘটনার পর গতকাল পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে যে, বেলুচিস্তানে পরিচালিত বিশেষ অভিযানে অন্তত ৪৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

শেয়ার করুন