জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি হলেন বাগাতিপাড়ার ইউএনও দেবাশীষ বসাক

প্রকাশ:

নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাককে তার বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে বদলির সুনির্দিষ্ট কোনো কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, সম্প্রতি বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় মামলা দায়েরের পর থেকে জেলার প্রশাসনিক বিভিন্ন রদবদল নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। এমন পরিস্থিতির মধ্যেই ইউএনও দেবাশীষ বসাকের বদলির বিষয়টি সামনে এলো।

শেয়ার করুন