ব্যাচেলর পয়েন্টে নতুন চমক, যুক্ত হলেন রাফসান ও সুনেরাহ

প্রকাশ:

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন চ্যাপ্টারে যুক্ত হচ্ছেন কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাই এবং অভিনেত্রী সুনেরাহ। নির্মাতা কাজল আরেফিন অমির এই ধারাবাহিকের ‘চ্যাপ্টার ১৪’ আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পেতে যাচ্ছে।

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আগের চ্যাপ্টারের গল্পের ধারাবাহিকতায় এবার নতুন মোড় নিয়ে হাজির হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’। ব্যাচেলর ফ্ল্যাটের চিরচেনা বিশৃঙ্খলা ও হাস্যরসের মধ্যে রাফসান ও সুনেরাহর উপস্থিতি গল্পে নতুন কোনো টুইস্ট আনবে বলে ধারণা করা হচ্ছে। এই দুই তারকার অংশগ্রহণ ঘিরে নাটকটির দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

অসুস্থতার কারণে বিরতির পর ‘চ্যাপ্টার ১৩’ দিয়ে ফেরার পর দর্শকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’। সেই ধারাবাহিকতা ধরে রাখতে নির্মাতা কাজল আরেফিন অমি দ্রুতই নতুন এই চমক নিয়ে হাজির হচ্ছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ-তে একযোগে প্রকাশ পাবে ‘চ্যাপ্টার ১৪’-এর মোট ৮টি নতুন পর্ব, যা ১০৫ থেকে ১১২ নম্বর পর্যন্ত বিস্তৃত।

শেয়ার করুন