চট্টগ্রামে নওফেলের বাসভবনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

প্রকাশ:

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে হামলার একটি ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে সেখানে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের পাঁচলাইশ থানার চশমা হিল এলাকার মেয়র গলিতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ৬ থেকে ৭ জনের একটি দল বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করলে আগুনের সূত্রপাত হয়। তবে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

ঘটনার পর সাবেক মন্ত্রীর ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহিন সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপের তথ্য পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকার পতনের পর গত দুই বছরে চশমা হিলের এই বাসভবনে এটি চতুর্থ হামলার ঘটনা। এর আগে ২০২৪ সালের আগস্ট মাসে দুই দফা হামলা ও লুটপাট এবং গত বছরের ডিসেম্বরে একই বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

শেয়ার করুন