প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে আর্সেনাল। শুক্রবার রাতে নিজেদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ২৫ বছর পর শীর্ষ লিগে ফেরা কভেন্ট্রি সিটিকে ৩-০ গোলে পরাজিত করেছে মিকেল আর্তেতার শিষ্যরা। প্রথম ম্যাচেই এমন দাপুটে পারফরম্যান্সের মাধ্যমে গানাররা প্রতিপক্ষদের একটি শক্তিশালী বার্তা দিয়ে রাখল।
ম্যাচের শুরু থেকেই স্বাগতিক আর্সেনাল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। খেলার ১৫তম মিনিটে কাই হাভার্টজের চমৎকার গোলে লিড নেয় তারা। এরপর ২৩তম মিনিটে দলের তারকা ফরোয়ার্ড বুকায়ো সাকা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধেই দুই গোল আদায় করে নেওয়ায় ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটা আর্সেনালের হাতে চলে আসে।
দ্বিতীয়ার্ধের শুরুতেও গানারদের আক্রমণের ধার অব্যাহত ছিল। বিরতির পর ৪৯তম মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগার্ডের নিপুণ ফিনিশিংয়ে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে ওডেগার্ড উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, নতুন মৌসুমে এর চেয়ে ভালো শুরু আর হতে পারত না।
এই জয়ের মাধ্যমে কোচ মিকেল আর্তেতার ঝুলিতে নতুন একটি রেকর্ড যুক্ত হয়েছে। স্প্যানিশ এই কোচ প্রিমিয়ার লিগে ২৪৯টি ম্যাচে দায়িত্ব পালন করে ১৫০তম জয়ের মাইলফলক স্পর্শ করলেন। লিগের ইতিহাসে এত কম ম্যাচে ১৫০ জয় পাওয়া কোচদের তালিকায় এখন আর্তেতার ওপরে আছেন কেবল পেপ গার্দিওলা, হোসে মরিনহো, ইয়ুর্গেন ক্লপ এবং স্যার অ্যালেক্স ফার্গুসন।
অন্যদিকে, ২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা কভেন্ট্রি সিটির জন্য এই সূচনা ছিল বেশ বিষাদময়। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে গত মৌসুমে দলটি রূপকথার মতো প্রত্যাবর্তন করেছিল। নতুন মৌসুমের আগে দল গুছাতে প্রায় ১২০ মিলিয়ন পাউন্ড খরচ করে সাতজন নতুন খেলোয়াড় দলে ভেড়ালেও আর্সেনালের শক্তিশালী রক্ষণের সামনে তা কোনো কাজে আসেনি। ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত সফরকারীরা প্রতিপক্ষের গোলপোস্টে কোনো শটই নিতে পারেনি।
প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে কভেন্ট্রি কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড বলেন, এটি আমাদের খেলোয়াড়দের জন্য একটি বড় শিক্ষা। তবে ছেলেরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেছে। আর্সেনালের মতো পরাশক্তি দলের কাছে হার দিয়ে আমাদের পুরো মৌসুমের মূল্যায়ন করা যাবে না। এখন আমাদের মূল কাজ হলো ভুলগুলো শুধরে নিজেদের পারফরম্যান্সের উন্নতি ঘটানো। গত মৌসুমে ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল আর্সেনাল, এবার তাদের লক্ষ্য সেই সাফল্যের পুনরাবৃত্তি।





