২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সোমবার (২৭ জুলাই) দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
আদালত একই সঙ্গে পলাতক থাকা আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে এই পরোয়ানা জারির আবেদন করা হয়েছিল। এর আগে প্রধান প্রসিকিউটর জানিয়েছিলেন, শাপলা চত্বরের ওই ঘটনায় ৫৮ জনের মৃত্যুর তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে। ২০১৩ সালের ৫ মে দিনভর সমাবেশের পর রাতে আইনশৃঙ্খলা বাহিনী শাপলা চত্বরে জমায়েতের ওপর হামলা চালিয়েছিল। গত ৫ আগস্টের পর হেফাজতে ইসলাম এই ঘটনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে।
বর্তমানে এই মামলায় ৯ জন আসামি গ্রেফতার রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক। এছাড়া পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবু বর্তমানে কারাগারে রয়েছেন।





