আর্জেন্টিনায় ফিরেছে জাতীয় ফুটবল দল, সঙ্গী হননি লিওনেল মেসি

প্রকাশ:

বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের পর আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বেশিরভাগ সদস্য সোমবার দেশে ফিরে এসেছেন। তবে দলের অধিনায়ক লিওনেল মেসি তাদের সঙ্গে ছিলেন না। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দলের কয়েকজন সদস্য একই ফ্লাইটে ফিরবেন না বলে আগেই জানিয়েছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। স্থানীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারেও দেখা গেছে, বিমান থেকে নামা খেলোয়াড়দের মধ্যে মেসি অনুপস্থিত।

সোমবার কোচ লিওনেল স্কালোনি ও অন্যান্য খেলোয়াড়দের বিমান বন্দরে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। সামরিক ব্যান্ডের সুরের মূর্ছনায় তাদের বরণ করে নেয়া হয়। বৃষ্টি ও প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করেই হাজারো সমর্থক বিমানবন্দরের কাছে এএফএ’র কার্যালয়ের বাইরে জড়ো হয়েছিলেন। সমর্থকদের অনেকের হাতে ছিল নীল-সাদা রঙের ছাতা, গায়ে ছিল জাতীয় পতাকা। চার বছর আগে ২০২২ বিশ্বকাপ জয়ের পর যেমন উৎসব হয়েছিল, এবার তেমন আনন্দের উপলক্ষ না থাকলেও দলের প্রতি নিজেদের কৃতজ্ঞতা জানাতে সমর্থকরা উপস্থিত হন। ৩৬ বছর বয়সী গৃহিণী মার্গা লেদেসমা বলেন, যেকোনো অবস্থাতেই আর্জেন্টিনাবাসী উদযাপন করবে। তিনি মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এত বছর ধরে আমাদের আনন্দ দেয়ার জন্য মেসিকে ধন্যবাদ। আমি চাই না তিনি আর্জেন্টিনার হয়ে খেলা ছেড়ে দিন।

ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার। আন্তর্জাতিক গণমাধ্যমে ম্যাচটি আর্জেন্টিনার অসংখ্য ফাউল ও খেলোয়াড়সুলভ আচরণের অভাবের জন্য সমালোচিত হয়েছে। এ বিষয়ে লেদেসা মনে করেন, কষ্টের মুহূর্তগুলো সহ্য করতে জানি বলেই হয়তো তারা আমাদের সমালোচনা করে। অনেক সমর্থকের মতে, এই বিশ্বকাপের সবচেয়ে বড় অর্জন ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের সেমিফাইনাল জয়, যা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বিরোধের কারণে বিশেষ গুরুত্ব পায়। বস্ত্রশিল্প কর্মী লিওনার্দো বারিয়েন্তোস জানান, এই দল আমাদের সবাইকে এক করেছে, রোদ-বৃষ্টি যা-ই হোক আমরা তাদের পাশে থাকব। মারিয়া অর্তিজ নামে আরেক সমর্থক বলেন, স্পেন জয়ের যোগ্য ছিল, কিন্তু এই দল আমাদের যা দিয়েছে তাতে তিনি খুশি।

ফাইনালে হারের হতাশা থাকলেও রোববার রাতে বুয়েনস আয়ারসের ঐতিহ্যবাহী ওবেলিস্ক চত্বরে হাজারো সমর্থক জড়ো হয়ে আতশবাজি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে গভীর রাতে সেখানে সংক্ষিপ্ত সময়ের জন্য সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন