আনন্দবাজার পত্রিকা ভবনে গেরুয়া রং লেপে বিক্ষোভ

প্রকাশ:

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর নাগাদ আনন্দবাজার পত্রিকা ভবনের সামনে হঠাৎই একদল ব্যক্তি জড়ো হন। প্রত্যক্ষদর্শীদের মতে, গেরুয়া পাগড়ি পরিহিত ওই ব্যক্তিদের ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দেখা যায়। এই বিক্ষোভের এক পর্যায়ে ভিড়ের মধ্য থেকে একজন ব্যক্তি পত্রিকাটির অফিস ভবনের সামনের দেয়ালে গেরুয়া রং লেপে দেন। ঘটনার সময় পুলিশকে নিষ্ক্রিয় ভূমিকায় উপস্থিত থাকতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বিক্ষোভের সময় প্রতিবাদকারীদের মধ্য থেকে একজন বক্তব্য রাখেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জী ও বিবেকানন্দের মাটি, এটা গেরুয়ার মাটি। এই মাটিতে গেরুয়া নিয়ে কুমন্তব্য করার প্রচেষ্টা বরদাস্ত হবে না। তবে বিক্ষোভকারীরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকেও এই ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

ধারণা করা হচ্ছে, এই ঘটনার সঙ্গে গত ২১ আগস্ট আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি শিরোনামের যোগসূত্র থাকতে পারে। গত ২০ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডানপন্থী ছাত্র সংগঠন এবিভিপির প্রতিবাদ মিছিল থেকে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনার পরের দিন আনন্দবাজার পত্রিকা তাদের শিরোনামে ‘গেরুয়া গুন্ডামি’ কথাটি ব্যবহার করে। ভারতে ক্ষমতাসীন বিজেপির প্রতীকে গেরুয়া রঙ রয়েছে।

এই শিরোনামের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। গত ২৮ আগস্ট অন্য একটি সংবাদ মাধ্যমের আয়োজিত অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, গেরুয়া তাণ্ডব শিরোনাম প্রত্যাহার করতে হবে। তিনি আরও বলেন, গেরুয়া শব্দকে কালিমালিপ্ত করতে দেব না। স্পষ্টতই তিনি আনন্দবাজার পত্রিকাকে উদ্দেশ করেই এই মন্তব্য করেছিলেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে অনেক আপত্তিজনক পোস্ট ছড়িয়ে পড়ে। এছাড়া হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি সংগঠন পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে বউবাজার থানায় এফআইআর দায়ের করেছে।

শেয়ার করুন