এআইইউবি ও বিআইজিএফের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশ:

ইন্টারনেট গভর্ন্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও নীতিগত সংলাপ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (বিআইজিএফ) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত বৃহস্পতিবার এআইইউবি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এআইইউবির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে এবং বিআইজিএফের পক্ষে মোহাম্মদ আবদুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। এই অংশীদারত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান গবেষণা, নীতিগত অ্যাডভোকেসি, জ্ঞান বিনিময়, প্রশিক্ষণ, জনসচেতনতামূলক কার্যক্রম এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইন্টারনেট ও এআই গভর্ন্যান্স-সংক্রান্ত কার্যক্রমে যৌথভাবে কাজ করবে।

অনুষ্ঠানে এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, এই সমঝোতা স্মারক শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য ইন্টারনেট গভর্ন্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল নীতিবিষয়ক আন্তর্জাতিক পরিসরে সম্পৃক্ত হওয়ার নতুন সুযোগ তৈরি করবে। বিআইজিএফের প্রতিনিধিরা এসময় অন্তর্ভুক্তিমূলক, অধিকারভিত্তিক ও টেকসই ডিজিটাল শাসন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়, সরকার, বেসরকারি খাত, গণমাধ্যম এবং নাগরিক সমাজের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এআইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এ. জে. এম. শফিউল আলম ভূঁইয়া, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম, সহযোগী ডিন ড. ফারিয়া সুলতানা, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিআইজিএফের প্রতিনিধিরা।

শেয়ার করুন