অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, গ্রেফতার ২

প্রকাশ:

চট্টগ্রামের লালদীঘিপাড় জেলা পরিষদ ভবনের দ্বিতীয়তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসি লিমিটেডের করপোরেট শাখায় বড় ধরনের আর্থিক অনিয়মের ঘটনা ঘটেছে। ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা সরিয়ে নেওয়ার অভিযোগে ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন (৪১) ও তার সহযোগী জাফরুল্লাহ তানভীর (২৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ব্যাংক ম্যানেজারের দায়ের করা মামলার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তদন্ত সূত্রে জানা গেছে, কামরুল হোসেন ওই শাখার ভল্টের দায়িত্বে ছিলেন। গত ৯ আগস্ট নিয়মিত লেনদেন শেষে ভল্টের টাকা গণনা করতে গিয়ে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি ধরা পড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, কামরুল হোসেন ভল্টের এক হাজার টাকার নোটের বান্ডিলের ভেতরে কৌশলে একশ টাকার নোট রেখে হিসাব মিলিয়ে আসছিলেন। এভাবে ১ জুন ২০২৫ থেকে ৯ আগস্ট ২০২৬ পর্যন্ত দীর্ঘ সময় ধরে তিনি এই অর্থ আত্মসাৎ করেন।

গ্রেফতার কামরুল হোসেন স্বীকার করেছেন, সরানো এই টাকা তিনি তার সহযোগী জাফরুল্লাহ তানভীরের মাধ্যমে হাটহাজারীর উত্তর বুড়িশ্চর এলাকায় 'ইশরাত অ্যাগ্রো' নামে একটি গরুর খামারে বিনিয়োগ করেছিলেন। বর্তমানে ওই খামারে উন্নত জাতের ৫০ থেকে ৬০টি গরু রয়েছে। কোতোয়ালি থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, ব্যাংক ম্যানেজার মোস্তাক আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. ইকবাল হোসেন জানিয়েছেন, আসামিদের কাছ থেকে একটি আইফোনসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, গ্রেফতার জাফরুল্লাহ তানভীরের বাবা আজিম উল্লাহ দাবি করেছেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। দীর্ঘ সময় ধরে এভাবে টাকা গায়েব হওয়ার ঘটনায় শাখা ম্যানেজারের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠেছে।

শেয়ার করুন