আসামির মৃত্যুর গুজবে উত্তাল আগৈলঝাড়া থানা, পুলিশ সদস্যদের ওপর হামলা

প্রকাশ:

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পুলিশের হেফাজতে এক আসামির মৃত্যু হয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ও আসামির স্বজনরা থানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (৮ জুলাই) রাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার ফুল্লশ্রী গ্রাম থেকে রিয়াজ ফকির (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক ও চুরির মামলা ছিল। গ্রেপ্তারের পর তাকে আগৈলঝাড়া থানায় নিয়ে আসা হয়।

পরদিন বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে রিয়াজ থানা হাজতে পুলিশের নির্যাতনে মারা গেছেন বলে এলাকায় গুজব ছড়িয়ে পড়ে। এই গুজবের ভিত্তিতে উত্তেজিত জনতা থানায় হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপরও হামলা চালানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনতে পুলিশ কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন