সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার দামোধরদপী পয়েন্টে এ ঘটনা ঘটে। পলাতক ওই যুবকের নাম আসির মিয়া, যিনি স্থানীয় দামোধরদপী গ্রামের বাসিন্দা।
ঘটনার বিবরণ অনুযায়ী, শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে আসির মিয়াকে আটক করে এবং তাকে হাতকড়া পরায়। পুলিশ তাকে হেফাজতে নেওয়ার সময় সেখানে হট্টগোল শুরু হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আসামির স্বজনরা পুলিশের কাছ থেকে তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় এবং এ সময় হাতকড়ার একাংশ ভেঙে যায়। তবে পুলিশের দাবি, স্বজনদের সৃষ্ট হট্টগোলের সুযোগে আসির মিয়া হাতকড়া ছাড়াই পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনার পর আসির মিয়া একটি লেগুনায় উঠে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে নিজেকে অনলাইন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচয় দিয়ে ফেসবুকে লাইভ করেন তিনি। লাইভে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং পুলিশ হঠাৎ তাকে ঘেরাও করে হাতকড়া পরিয়েছে। লাইভে তাকে ভাঙা হাতকড়া হাতে দেখা যায়।
দামোধরদপী গ্রামের ইউপি সদস্য মো. আজির উদ্দিন জানান, তিনি একটি বিচার-শালিসে ছিলেন এবং পরে শুনেছেন যে আসির মিয়াকে আটকের সময় স্বজনরা তাকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে গেছে। এই ঘটনার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পলাতক যুবককে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান ও তল্লাশি শুরু করেছে, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।





