পুলিশে নতুন ৪ হাজার এসআই ও ১০ হাজার কনস্টেবল নিয়োগের উদ্যোগ

প্রকাশ:

পুলিশের জনবল সংকট নিরসন ও সক্ষমতা বাড়াতে নতুন করে ৪ হাজার এসআই (নিরস্ত্র), ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকার পুলিশের জনবল বৃদ্ধির লক্ষ্যে নতুন পদ সৃজনের উদ্যোগ নিয়েছে। এই পদগুলো তৈরি হলে রংপুর জেলাসহ সারা দেশে পুলিশের জনবল বৃদ্ধি পাবে। পাশাপাশি আগামী ৫ বছরে পর্যায়ক্রমে পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের মাধ্যমে ক্রয় করে পূরণ করার পরিকল্পনা রয়েছে সরকারের।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়াতে সরকার ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

পুলিশের সাংগঠনিক কাঠামোর আওতায় বিভিন্ন ইউনিটে গ্রেড-১০ (নিরস্ত্র) পদে ৪ হাজার এসআই নিয়োগের প্রস্তাবটি নিয়ে গত ১০ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে একটি পর্যালোচনা সভাও অনুষ্ঠিত হয়েছিল। দায়িত্ব গ্রহণের পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশের বিভিন্ন পর্যায়ে জনবলের ঘাটতির বিষয়টি চিহ্নিত করে নতুন নিয়োগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন