মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি মূল্যায়ন করছে সরকার: শামা ওবায়েদ

প্রকাশ:

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে গত ৭ আগস্ট পবিত্র নগরী মক্কায় স্বাক্ষরিত ত্রিপক্ষীয় 'মক্কা প্রতিরক্ষা চুক্তি'তে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে সরকারের বর্তমান অবস্থান তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ জানিয়েছেন, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি নিয়ে গভীর মূল্যায়ন করা হচ্ছে।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, এই প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়া দেশের সার্বভৌমত্ব, অর্থনীতি এবং জনগণের স্বার্থে কী ধরনের প্রভাব ফেলবে, তা সরকার নিবিড়ভাবে যাচাই করছে। ন্যাটো আদলে গঠিত এই জোটের মূল শর্ত অনুযায়ী, সদস্য দেশগুলোর ওপর যেকোনো আক্রমণ যৌথ আক্রমণ হিসেবে গণ্য হবে। এছাড়া এই জোট কেবল সামরিক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সদস্য দেশগুলোর অর্থায়ন, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাও এর অন্যতম লক্ষ্য। একই সঙ্গে আগ্রহী অন্যান্য দেশের জন্যও এতে যোগ দেওয়ার সুযোগ খোলা রাখা হয়েছে।

শামা ওবায়েদ আরও উল্লেখ করেন যে, এই চুক্তিতে যোগ দেওয়ার ক্ষেত্রে দেশের পররাষ্ট্রনীতি এবং জাতীয় স্বার্থকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এর মাধ্যমে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে কি না, তা সরকার খতিয়ে দেখছে।

প্রতিমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, যৌথ জোটভুক্ত সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক শ্রমবাজারের সম্পর্ক রয়েছে, যেখানে প্রায় ৪০ লাখ প্রবাসী বাংলাদেশি কর্মরত। পাশাপাশি তুরস্কের সঙ্গেও সম্প্রতি বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক আলোচনা বেশ জোরদার হয়েছে। তাই সার্বিক দিক পর্যালোচনা করেই বাংলাদেশ সরকার এই মক্কা চুক্তির বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

শেয়ার করুন