নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫, নিখোঁজ শত শত

প্রকাশ:

নেপালের রাসুয়া জেলায় তুষারধস ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের সীমান্তবর্তী এই এলাকায় বুধবার (২৬ আগস্ট) সকালে ভোতেকোশি নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, পানির তীব্র স্রোত ও কাদায় মুহূর্তের মধ্যেই জনবসতিপূর্ণ এলাকা ও স্থাপনা তলিয়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই দুর্যোগে অন্তত ৪০০ পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে প্রায় ১৪০ জন ভারতীয় নাগরিক রয়েছেন। এছাড়াও দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নাগরিকরাও নিখোঁজদের তালিকায় রয়েছেন বলে জানা গেছে।

নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জলবায়ু গবেষক রিজান ভক্তের প্রাথমিক বিশ্লেষণে উঠে এসেছে যে, তিব্বতে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের ফলে বরফের স্তর নড়ে গিয়ে লেন্দে নদীর প্রবাহ আটকে গিয়েছিল। বুধবার সকাল ৯টার দিকে সেই জমা পানি আকস্মিকভাবে নেমে আসায় ভোতেকোশি নদীতে এই বন্যার সৃষ্টি হয়। রিজান ভক্ত কান্তিপুর টিভিকে জানান, চীনা বিজ্ঞানীদের কাছ থেকেও লেন্দে নদীতে বরফধসের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে বন্যার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানতে আরও তদন্ত প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নেপালের সেনাবাহিনী উদ্ধার তৎপরতা জোরদার করেছে। দুর্গত এলাকায় ১৪টি হেলিকপ্টার ও কয়েকশ উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। বিশেষ করে রাসুয়া জেলা ও সায়াফুরবেশি এলাকায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। বন্যায় অসংখ্য ঘরবাড়ি ও যানবাহন ভেসে গেছে।

শেয়ার করুন