এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশে উন্নীত

প্রকাশ:

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে সরকার। তাদের বাড়ি ভাড়া ভাতা আরও সাড়ে ৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে শিক্ষক-কর্মচারীরা এখন থেকে তাদের মূল বেতনের মোট ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন। তবে এই সুবিধা বাড়লেও সর্বনিম্ন ২ হাজার টাকা ভাতার পরিমাণ অপরিবর্তিত রাখা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাজেটের সীমাবদ্ধতার কথা বিবেচনায় নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা দুই ধাপে নির্ধারণ করেছে। সেই পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে তারা মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে ভাতা পাচ্ছিলেন, যা ২০২৬ সালের ১ জুলাই থেকে আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ হয়ে মোট ১৫ শতাংশে পৌঁছালো।

মাউশি স্পষ্ট করেছে যে, এই সুবিধা শুধুমাত্র এমপিও নীতিমালা এবং সরকারের সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসরণ করে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তবে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো ধরনের বকেয়া অর্থ প্রদান করা হবে না।

ভাতা প্রদানের ক্ষেত্রে সব ধরনের আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা দিয়েছে মাউশি। একই সঙ্গে ভবিষ্যতে এই খাতে কোনো প্রকার অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন