ঝিনাইদহে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশ:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাধবপুর গ্রামে মর্মান্তিক এক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে গবাদিপশুর জন্য ঘাস কাটার সময় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মাধবপুর গ্রামের কৃষক অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) এবং তার স্ত্রী মিনাক্ষি রানী ভৌমিক (৬৫)। অমরেন্দ্র নাথ ভৌমিক ওই গ্রামের মৃত ক্ষুদিরাম ভৌমিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরের দিকে অমরেন্দ্র নাথ ভৌমিক গবাদিপশুর জন্য ঘাস কাটার মেশিনটি চালু করেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে বিপদে পড়তে দেখে তাকে বাঁচাতে এগিয়ে আসেন স্ত্রী মিনাক্ষি রানী ভৌমিক। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করেন এবং শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন