চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বুধবারের সব এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রকাশ:

অব্যাহত ভারী বর্ষণ এবং ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক জরুরি আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।

এর আগে মঙ্গলবার রাতে পরিস্থিতির অবনতি হওয়ায় প্রথমে চট্টগ্রাম ও রাঙামাটি এবং পরবর্তীতে কক্সবাজার জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় শেষ পর্যন্ত পুরো বোর্ডের সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, এবারের এইচএসসি পরীক্ষা সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে টানা দুই দিনের অতি ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীসহ কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। সোমবার বিকেল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বন্দরনগরীতে যে পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, তা গত ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৯৮৩ সালের ৪ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট অবতরণ করতে পারেনি। এছাড়া রেললাইনের ওপর পানি জমে যাওয়ায় কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি প্রায় এক হাজার যাত্রী নিয়ে চট্টগ্রাম নগরের ষোলোশহর স্টেশনে আটকা পড়েছে। জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে থাকায় কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন