অব্যাহত বৈরী আবহাওয়া এবং ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ সকল জেলার বুধবারের নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক জরুরি আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে, মঙ্গলবার রাতেই পৃথক দুটি আদেশের মাধ্যমে চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার বুধবারের পরীক্ষাগুলো স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছিল। সবশেষ সিদ্ধান্তের আলোকে পুরো চট্টগ্রাম বোর্ডের অধীনস্থ সকল জেলার পরীক্ষার্থীদের জন্যই বুধবারের পরীক্ষা স্থগিত রইল।





