‘সবুজে সাজাই বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ও বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক।
অনুষ্ঠানে বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েম, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মো. সেকান্দর আলী, বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসমত আলী। এছাড়া শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক কবি জ্যোতি পোদ্দার, সমন্বয়ক হাকিম বাবুল এবং উপদেষ্টা শহীদুজ্জামান শহীদসহ স্থানীয় আদিবাসী নেত্রী কেয়া নকরেক অংশ নেন।
উক্ত কর্মসূচির আওতায় স্কুল ও কলেজ প্রাঙ্গণে ২০টি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি মিলিয়ে আড়াই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। চারা বিতরণের পূর্বে শিক্ষার্থীদের গাছ রোপণ, পরিচর্যা এবং গাছের সঠিক যত্ন নেওয়ার বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।
শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক হাকিম বাবুল জানান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও চ্যানেল আইয়ের সহায়তায় প্রতি বছরের মতো এবারও সারা দেশব্যাপী ‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানে এই বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও জানান, সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা, সংগঠন, ব্যক্তি এবং সুহৃদদের সহযোগিতায় শেরপুর জেলায় এবার ২৬ হাজার বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন করা হচ্ছে।





