বাংলাদেশ সিভিল সার্ভিসের (স্বাস্থ্য) ক্যাডারের প্রবেশ পদে আরও ১৮৪ জন চিকিৎসককে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে ১৬৫ জন সহকারী সার্জন এবং ১৯ জন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন। এর আগে চলতি বছরের ২২ জানুয়ারি ৪৮তম বিসিএস (বিশেষ) থেকে ৩ হাজার ২৬৩ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছিল।
নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকদের আগামী ৭ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, পরবর্তী কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত নির্ধারিত তারিখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে যোগদান করতে হবে।
নির্ধারিত তারিখে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে সম্মত নন বলে গণ্য হবে এবং তার নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে।





