ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে ১৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কোড়াল মাছ জেলেদের জালে ধরা পড়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের ডালচর মৎস্যঘাটে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলে কামাল মাঝি। মেঘনায় জাল ফেলে মাছ শিকারের সময় অন্যান্য ছোট ইলিশের সঙ্গে বিশাল আকৃতির এই কোড়ালটি ধরা পড়ে বলে জানান তিনি।
ডালচর মৎস্যঘাটে মাছটি বিক্রির জন্য জোবায়ের হাসান রাজিব চৌধুরীর মৎস্য আড়তে নিয়ে আসা হয়। পরে নিলামে ২৪ হাজার টাকায় মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী জুবায়ের হাসান রাজিব চৌধুরী। অর্থাৎ মাছটির প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হয়েছে। নিলামে অংশ নেওয়া মৎস্য ব্যবসায়ী শামীম তালুকদার জানান, নিলামের পর রাজিব চৌধুরীর আড়তের কর্মচারী মাছটি কিনে নেন। মাছটি লঞ্চযোগে ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হবে এবং সেখানে এটি আরও বেশি দামে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, বর্তমানে মেঘনা নদীতে ইলিশের সংকট চলছে। এমন পরিস্থিতিতে বড় আকৃতির কোড়াল বা পাঙ্গাশ মাছ জেলের জালে ধরা পড়া তাদের জন্য কিছুটা স্বস্তির বিষয়। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, সামনে ইলিশের পাশাপাশি আরও বড় আকৃতির অন্যান্য মাছ জেলেদের জালে ধরা পড়বে।





