বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার

প্রকাশ:

বরগুনার পাথরঘাটার হাইরের চর সংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২২ ঘণ্টা পর মঙ্গলবার গভীর সমুদ্র থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, গত ২১ আগস্ট দুপুর ১টার দিকে পাথরঘাটা থেকে ১৩ জেলেকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যায় এফবি বরকত নামের একটি ট্রলার। ট্রলারটি যৌথভাবে মালিকানাধীন ছিল মো. আশরাফ আলী ও মো. বাদল মোল্লার। সাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের মুখে পড়ে ট্রলারটি একপর্যায়ে ডুবে যায়।

দুর্ঘটনার সময় আটজন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও পাঁচজন নিখোঁজ ছিলেন। নিখোঁজ জেলেরা হলেন নুর আলম (৪০), কাওসার (৩০), ইব্রাহিম মাঝি (২৮), সাইকুল (৩০) ও বেল্লাল (২২)। তাদের বাড়ি পাথরঘাটা উপজেলার গহরপুর, হাড়িটানা ও বাদুরতলা এলাকায়।

ট্রলারের বাবুর্চি ও উদ্ধার হওয়া জেলে ইউনুস মোল্লা জানান, সাগরে প্রচণ্ড ঝড় ও ঢেউয়ের আঘাতে ট্রলারটি হঠাৎ উল্টে যায়। এরপর ৮ জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য একটি ট্রলারের সহায়তায় প্রাণ রক্ষা করেন।

ট্রলার মালিক ও মাঝি মো. বাদল মোল্লা জানান, গভীর সমুদ্র থেকে পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নিয়ে একটি ট্রলার উপকূলের দিকে রওনা হয়েছে এবং পাথরঘাটায় পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে।

ঘটনার পরপরই ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে নিখোঁজদের সন্ধানে সমুদ্রে উদ্ধারকারী ট্রলার পাঠানো হয়েছিল। ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, খবর পাওয়ার পর দ্রুত উদ্ধারকারী ট্রলার পাঠানো হয় এবং শেষ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন জানান, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের সহায়তায় মরদেহগুলো উপকূলে নিয়ে আসা হচ্ছে।

শেয়ার করুন