লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেলেন আব্দুল মুহিত

প্রকাশ:

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে মোহাম্মদ আব্দুল মুহিতকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ আব্দুল মুহিতের ওই পদের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। এরপর গ্রেড-১ মর্যাদায় তাকে দুই বছরের চুক্তিতে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দায়িত্বে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর এ পদে দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, মোহাম্মদ আব্দুল মুহিতের ভোগ না করা অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত থাকবে। পাশাপাশি নিয়োগকালীন অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান এবং সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্ত দেওয়া হয়েছে। এছাড়া নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

শেয়ার করুন