সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে নিয়ে গঠিত হতে যাওয়া প্রস্তাবিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ জোটে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এই বিষয়টিকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে এবং এতে যুক্ত হওয়ার ব্যাপারে আগ্রহ রয়েছে। তিনি আরও বলেন, মক্কার সঙ্গে বাংলাদেশের মানুষের আবেগের এক গভীর সম্পর্ক বিদ্যমান। তাই মধ্যপ্রাচ্য বা কোনো ইসলামি দেশের উদ্যোগে গঠিত নিরাপত্তা জোটে বাংলাদেশের অংশগ্রহণকে অস্বাভাবিক কিছু বলে মনে করেন না তিনি।
এ সময় নিজের দ্বৈত বা ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে বিভিন্ন মহলে চলমান সমালোচনা ও অপপ্রচারের বিষয়েও কথা বলেন হুমায়ুন কবির। তিনি নিজেকে একজন গর্বিত বাংলাদেশি নাগরিক হিসেবে অভিহিত করে বলেন, যারা এসব নিয়ে সমালোচনা করছেন, তারা প্রকৃতপক্ষে দেশের ভালো চান না।





