ভোলার লালমোহন উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও গাঁজা সেবনের কাজে ব্যবহৃত রোলিং পেপার উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার দুপুরে কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট লালমোহনের সদস্যরা উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার দুটি সন্দেহজনক গোডাউন তল্লাশি করা হয়। অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত প্রায় ৩ লাখ ৪৩ হাজার ২০০ টাকা মূল্যের ৩০ হাজার ৪০০ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং গাঁজা সেবনের কাজে ব্যবহৃত প্রায় ৫২ হাজার ২০০ টাকা মূল্যের ৩৪৮ বান্ডেল রোলিং পেপার জব্দ করা হয়েছে।
কোস্টগার্ড জানিয়েছে, অভিযানের সময় অসাধু ব্যবসায়ীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত সিগারেট ও রোলিং পেপারের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া চোরাচালান রোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।





