আরব সাগরে পাঁচ আরোহীসহ পাকিস্তানি কার্গো বিমান নিখোঁজ

প্রকাশ:

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচি যাওয়ার পথে পাঁচজন ক্রু সদস্যসহ একটি মালবাহী কার্গো বিমান আরব সাগরে নিখোঁজ হয়েছে। করাচিভিত্তিক বেসরকারি বিমান সংস্থা ‘কে২ এয়ারওয়েজ’-এর পরিচালিত বোয়িং ৭৩৭ মডেলের এই বিমানটি নিয়ে এখন গভীর উদ্বেগ তৈরি হয়েছে। পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিশ্চিত করেছে যে, নিখোঁজ বিমানটির সন্ধানে আরব সাগরে জরুরি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, স্থানীয় সময় রাত ৯:১৮ মিনিটে বিমানটি তাদের নেভিগেশন সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ার কথা জানায়। রাডার ডাটা বিশ্লেষণ করে দেখা গেছে, রাত ৯:২১ মিনিটে বিমানটি হঠাৎ গতিপথ পরিবর্তন করে দ্রুত নিচে নামতে শুরু করে। এরপর করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে রাডার ও রেডিওর সাথে বিমানটির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে অত্যন্ত দ্রুতগতিতে নিচে নেমে আসছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিমান চলাচল বিশেষজ্ঞ ইমরান আসলাম স্থানীয় গণমাধ্যমকে জানান, রাডার থেকে বিমানটির এমন আকস্মিক হারিয়ে যাওয়ার বিষয়টি বেশ রহস্যজনক। সাধারণত ইঞ্জিনে সমস্যা হলেও বিমান বাতাসে ভেসে থাকার বা গ্লাইডিং করার কথা, কিন্তু এভাবে খাড়া নিচে পড়ে যাওয়ার বিষয়টি অস্বাভাবিক।

নিখোঁজ বিমানটি উদ্ধারে পাকিস্তানের সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে। উদ্ধারকাজে পাকিস্তান নৌবাহিনীর রণতরী ‘পিএনএস জুলফিকার’-কে দ্রুত ওই এলাকায় পাঠানো হয়েছে। পাশাপাশি পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান এবং নৌবাহিনীর একটি এটিআর বিমানও অনুসন্ধান অভিযানে যোগ দিয়েছে। তবে এখন পর্যন্ত বিমানটি নিখোঁজ হওয়ার সঠিক কারণ জানা যায়নি। উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে করাচি বিমানবন্দরের কাছে পিআইএ-এর একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৯৭ জন মারা গিয়েছিলেন, যার তদন্তে পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের মানবত্রুটিকে দায়ী করা হয়েছিল।

শেয়ার করুন