গাজীপুর মহানগরীর গাছায় একটি জুয়েলারি দোকানের ভেতর থেকে মো. আবুল কালাম আজাদ (৪০) নামে এক ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দুপুরে ভূষির মিল এলাকার আব্দুল গনি রোডের ‘সাদিয়া জুয়েলার্স’ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবুল কালাম আজাদ ওই জুয়েলারি দোকানেরই মালিক ছিলেন। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানার ভোলাইন গ্রামে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আবুল কালাম আজাদ প্রতিদিনের মতো শনিবার রাতে দোকানের ভেতরেই ঘুমাতেন এবং সাধারণত সকাল ৯টার মধ্যে দোকান খুলে ব্যবসা শুরু করতেন। রোববার সকাল গড়িয়ে দুপুর হওয়ার পরও দোকান বন্ধ থাকায় আশপাশের ব্যবসায়ীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। দোকানের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের এক দোকানদার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।
খবর পেয়ে গাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোকানের ভেতর থেকে আবুল কালাম আজাদের গলা কাটা মরদেহ উদ্ধার করে। এরপর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, হত্যাকাণ্ডের কারণ এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।





