জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের ওয়াশিংটনস্থ প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট কনস্টিটিউয়েন্সি-এর 'বিকল্প নির্বাহী পরিচালক' হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষর করেছেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, আবদুর রহমান খানের অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করা হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে তিন বছরের মেয়াদে এই দায়িত্ব পালন করবেন। চুক্তির শর্তে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্কে জড়াতে পারবেন না।
বিশ্বব্যাংকের পরিচালনা কাঠামোয় বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত কনস্টিটিউয়েন্সিগুলোর প্রতিনিধিত্ব করেন নির্বাহী পরিচালকরা। বাংলাদেশের অন্তর্ভুক্ত কনস্টিটিউয়েন্সিতে বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে তার নিয়োগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি বিশ্বব্যাংকের নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ, উন্নয়ন অগ্রাধিকার এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে দেশের অবস্থান তুলে ধরবেন।
উল্লেখ্য, মো. আবদুর রহমান খান এর আগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ১৪ আগস্ট তিনি এনবিআর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান এবং চলতি বছরের ২৯ জুন তার চাকরির মেয়াদ শেষ হয়।





