চট্টগ্রাম নগরের শহীদ ওয়াসিম ফ্লাইওভারে একটি বিকল ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ফাইয়াজ তাজরিয়ান (২৫) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত ফাইয়াজ মহানগর এনসিপির সদস্য ছিলেন। তিনি হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শহীদ ওয়াসিম ফ্লাইওভারের ওপর একটি মালবাহী ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ফাইয়াজ তাজরিয়ান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও এনসিপির নেতাকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। এ ছাড়া ফ্লাইওভারে বিদ্যুৎ সরবরাহ থাকলেও বাতিগুলো বন্ধ থাকায় অন্ধকার ছিল। ফলে ফাইয়াজ বিকল ট্রাকটি দেখতে না পেয়ে দুর্ঘটনার শিকার হন। দলীয় সূত্রে জানা গেছে, ফাইয়াজ দলের একজন সক্রিয় সদস্য ছিলেন এবং ঘটনার দিনও তিনি দলের একটি মানববন্ধন কর্মসূচিতে সামনের সারিতে থেকে স্লোগান দিয়েছিলেন।
দুর্ঘটনার বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকটি বিকল হয়ে পড়েছিল এবং সেটির মেরামতের কাজ চলছিল। উচ্চগতিতে আসা মোটরসাইকেলটি ট্রাকের পেছনে ঢুকে যায়, যার ফলে ঘটনাস্থলেই আরোহীর মৃত্যু হয়। ঘটনার সময় ট্রাকের চালক সেখানে ছিলেন না এবং তিনি পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং ফাইয়াজের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





