কুয়েতে পাঠানো যায়নি ২০ টন মাছ, টিসিবি ডাকল নিলাম

প্রকাশ:

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কুয়েত সরকারকে উপহার হিসেবে পাঠানোর জন্য ২০ টন মাছ কেনা হয়েছিল, কিন্তু ফ্লাইট সংক্রান্ত জটিলতার কারণে তা পাঠানো সম্ভব হয়নি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় কেনা এই মাছের মধ্যে ১০ টন গলদা চিংড়ি এবং ৫ টন করে বাগদা চিংড়ি ও রুপচাঁদা রয়েছে। উপহারের এই পণ্যগুলো কুয়েত সরকারের নিয়মিত ফ্লাইটে পাঠানোর কথা ছিল গত এপ্রিল মাসে। তবে চাল নিলেও মাছ নিতে অনাগ্রহ দেখায় কুয়েত সরকার, কারণ হিসেবে মাছের পচনশীল প্রকৃতির কথা উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ চার মাস অপেক্ষার পর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এখন এই মাছ নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে মাছগুলো খুলনার বাটিয়াঘাটার ভান্ডারকোটের ট্রাস্ট সি–ফুড ইন্ডাস্ট্রিজের প্রসেসিং প্ল্যান্টে সংরক্ষিত আছে। নিলামে অংশ নিতে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান আজ রোববার ও আগামীকাল সোমবার সরেজমিনে মাছগুলো পরিদর্শন করতে পারবেন। আগামী মঙ্গলবার নিলাম অনুষ্ঠিত হবে। টিসিবি জানিয়েছে, আগ্রহীদের সুবিধার্থে কিছু মাছ খুলনা থেকে ঢাকায় আনা হয়েছে।

নিলামে অংশগ্রহণের জন্য টিসিবি কিছু সুনির্দিষ্ট শর্ত বেঁধে দিয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজ প্যাডে মাছের ধরন, পরিমাণ, প্রতি কেজির দর, মোবাইল নম্বর, ই–মেইল এবং ঠিকানা উল্লেখ করে দরপত্র জমা দিতে হবে। ঢাকার প্রধান কার্যালয়সহ চট্টগ্রাম ও খুলনা কার্যালয়ে এই কাগজপত্র জমা দেওয়া যাবে। প্রতিটি অংশগ্রহণকারীকে জামানত হিসেবে সর্বনিম্ন ১৫ হাজার টাকা (ফেরতযোগ্য) জমা দিতে হবে এবং গলদা চিংড়ি, বাগদা চিংড়ি ও রুপচাঁদার জন্য আলাদা আলাদা দরপ্রস্তাব ও জামানত প্রয়োজন হবে।

নিলামের শর্ত অনুযায়ী, বিজয়ীকে নির্ধারিত দরের ওপর ভ্যাট পরিশোধ করতে হবে এবং নিলামের পর ৩ কর্মদিবসের মধ্যে অর্থ পরিশোধ করতে হবে। অর্থ পরিশোধের ৩ দিনের মধ্যে নিজ খরচে কোল্ডস্টোরেজ থেকে মাছ সরবরাহ নিতে হবে, অন্যথায় নিলাম বাতিল বলে গণ্য হবে। এছাড়া, সর্বোচ্চ দরদাতা বিজয়ী হিসেবে বিবেচিত হবেন এবং অংশগ্রহণকারীদের জাতীয় পরিচয়পত্র বা ট্রেড লাইসেন্সের কপি জমা দেওয়া বাধ্যতামূলক।

দায়িত্বশীল সূত্রগুলো বলছে, মাছ পচনশীল পণ্য হওয়ায় বাণিজ্যিক ফ্লাইটে নিতে অনাগ্রহ তাদের।প্রায় চার মাস অপেক্ষার পর ১৮ আগস্ট মাছ নিলামে তুলে দরপত্র আহ্বান করে টিসিবি।

শর্ত অনুসারে, নিলামে অংশগ্রহণকারীদের কমপক্ষে ৫০০ কেজি মাছ নিতে হবে।

শেয়ার করুন