বিশ্বকাপের নকআউট পর্বের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে আটটি দল। কোয়ার্টার-ফাইনালের এই লড়াইয়ে জায়গা করে নেওয়া দেশগুলো হলো মরক্কো, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা এবং সর্বশেষ দল হিসেবে জায়গা করে নেওয়া সুইজারল্যান্ড। অন্যদিকে, শিরোপার দৌড় থেকে বিদায় নিয়েছে তিন স্বাগতিক দেশ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। এছাড়া শেষ ষোলোর বাধা টপকাতে ব্যর্থ হয়েছে ব্রাজিল, পর্তুগাল, প্যারাগুয়ে, মিসর ও কলম্বিয়া।
কোয়ার্টার-ফাইনালের লড়াই শুরু হবে ১০ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায়। বোস্টন স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুইবারের রানার্সআপ ফ্রান্স ও চমক জাগানো মরক্কো। এরপর ১১ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে সেমিফাইনালের লক্ষ্য নিয়ে লড়বে শক্তিশালী দুই ইউরোপীয় দল স্পেন ও বেলজিয়াম।
টুর্নামেন্টের পরবর্তী কোয়ার্টার-ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১২ জুলাই। ওইদিন বাংলাদেশ সময় রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে নরওয়ে ও ইংল্যান্ড একে অপরের মুখোমুখি হবে। একই দিনে সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে সুইজারল্যান্ডের বিপক্ষে, যারা দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই চারটি ম্যাচের বিজয়ীরাই সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।





