একই নারীকে বিয়ে করা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে আহত ৫

প্রকাশ:

ফরিদপুরের ভাঙ্গা থানার ভেতরে একই নারীকে দুই ভাইয়ের বিয়ে করা নিয়ে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে ঘটা এই সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। ঘটনায় জড়িত দুই ভাই হলেন ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইকরাম শেখ এবং তার ছোট ভাই কৃষক আব্দুল্লাহ শেখ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বড় ভাই ইকরাম শেখ মালয়েশিয়ায় থাকাকালীন প্রায় এক বছর আগে পারিবারিকভাবে পার্শ্ববর্তী সোনাখলা গ্রামের পূর্ণিমাকে মোবাইল ফোনে বিয়ে করেন। বিয়ের পর থেকে ছোট ভাই আব্দুল্লাহ তার ভাবিকে বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে আনা-নেওয়ার কাজ করতেন। একপর্যায়ে আব্দুল্লাহ ও পূর্ণিমার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি ইকরাম মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে ফিরে পূর্ণিমার সঙ্গে সংসার শুরু করলেও, আব্দুল্লাহ ও পূর্ণিমা পালিয়ে বিয়ে করেন।

ঘটনার দিন দুপুরে ইকরাম ও তার পরিবারের লোকজন আব্দুল্লাহ ও পূর্ণিমাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় ভাঙ্গা থানার সামনে পৌঁছালে উত্তেজিত স্বজনরা তাদের মারধর শুরু করেন। পূর্ণিমা প্রাণ বাঁচাতে দৌড়ে থানার ভেতরে আশ্রয় নিলে মারামারি সেখানেও ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও আব্দুল্লাহ ও পূর্ণিমাসহ পাঁচজন আহত হন। আহত আব্দুল্লাহকে পরে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয় এবং পূর্ণিমাকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ণিমা দাবি করেন যে আব্দুল্লাহর সঙ্গে তার বিয়ে হয়েছে এবং তিনিই তার স্বামী। এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিষয়টি নিয়ে থানার গেটের সামনে দুই ভাইয়ের পরিবারের মধ্যে হাতাহাতি হয়েছে। পূর্ণিমা থানার ভেতরে ঢুকে পড়লে উৎসুক জনতাও ভেতরে প্রবেশ করে, তবে পরবর্তীতে অভিভাবকরা তাদের নিয়ে যান। ওসি আরও বলেন, পুলিশ এ ঘটনায় কোনো অভিযোগ পায়নি এবং তারা অন্য কাজে ব্যস্ত ছিলেন।

শেয়ার করুন