চলমান ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমে ডান হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন বেলজিয়ামের মিডফিল্ডার আমাদু ওনানা। সিয়াটলে অনুষ্ঠিত সেই ম্যাচে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ২৪ বছর বয়সী অ্যাস্টন ভিলার এই তারকা ফুটবলার। এই ইনজুরির ফলে তার বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ হয়ে গেছে।
বেলজিয়াম দলের চিকিৎসক ব্রাহিম হাসেন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, মেডিকেল পরীক্ষায় আমাদুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়েছে। তিনি এই ঘটনাকে খেলোয়াড় ও দলের জন্য অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেছেন। চিকিৎসক আরও জানান, আমাদু ও তার ক্লাব অ্যাস্টন ভিলার সঙ্গে আলোচনা করে তার সেরে ওঠার সর্বোত্তম উপায় নির্ধারণ করা হচ্ছে। আগামী দিনগুলোতে যৌথভাবে তার চিকিৎসা ও পুনর্বাসনের পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে।
তবে দলের সঙ্গে আপাতত থাকছেন ওনানা। বিবৃতিতে জানানো হয়েছে, অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তিনি তার সতীর্থদের সঙ্গেই উত্তর আমেরিকায় অবস্থান করবেন। লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী রাউন্ডের লড়াইয়ে বেলজিয়ামের প্রতিপক্ষ স্পেন।





