ভাগ্যের চাকা ঘোরাতে চার বছর আগে ঋণ করে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বাসিন্দা পলাশ মজুমদার। পরিবারের হাল ধরার স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি দিলেও শেষ পর্যন্ত তাকে ফিরতে হলো নিথর দেহে। গত রবিবার দক্ষিণ আফ্রিকার লেনেসিয়ায় নিজের দোকানে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে সিরাজপুর বিরাহিমপুর এলাকার সিকদার বাড়িতে তার মরদেহ পৌঁছায়। এরপর নিজ গ্রামের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। পলাশ মজুমদার সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত গনেশ মজুমদারের ছেলে ছিলেন।
পলাশের ভাগনি ঝুমু মজুমদার জানান, দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে তিনি বসুরহাট বাজারের মিতা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী ছিলেন। সেখানে যাওয়ার জন্য তিনি দেশের দোকান বিক্রি করে দেন এবং অনেক টাকা ঋণ গ্রহণ করেন। সেখানে গিয়েও তিনি নিজেকে গুছিয়ে নিতে পারেননি। বর্তমানে তার ব্যাংকে প্রায় ৭ লাখ টাকা ঋণ রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। গত ১৬ তারিখ বাংলাদেশ সময় দুপুরে তার মৃত্যুর খবরটি আসে।





