রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে গাকৃবি শিক্ষক সমিতির অভিনন্দন

প্রকাশ:

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (গাকৃবিশিস)। শনিবার গাকৃবিশিসের সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়।

অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়েছে যে, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। তার বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতা, গভীর জনসম্পৃক্ততা এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে অবিচল নেতৃত্ব তাকে জাতীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত করেছে।

গাকৃবিশিস নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রপতি তার মর্যাদাপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে সংবিধানের মর্যাদা অক্ষুণ্ন রাখা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং দেশের সব নাগরিকের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখার ক্ষেত্রে নিরপেক্ষ, প্রজ্ঞাপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। একইসঙ্গে তারা প্রত্যাশা ব্যক্ত করেন যে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জাতীয় সংহতি সমুন্নত রাখতে নবনির্বাচিত রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ও গঠনমূলক ভূমিকা রাখবেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের পক্ষ থেকে গাকৃবিশিস নেতৃবৃন্দ আরো প্রত্যাশা করেন, দেশের উচ্চশিক্ষা ও গবেষণার প্রসার, শিক্ষার পরিবেশের উন্নয়ন, বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বাধীনতা ও স্বায়ত্তশাসন এবং শিক্ষক সমাজের ন্যায্য মর্যাদা ও অধিকার নিশ্চিত করার বিষয়গুলো রাষ্ট্রীয় পর্যায়ে যথাযথ গুরুত্ব পাবে। পরিশেষে, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেছে এবং তার নেতৃত্বে দেশে শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি বেগবান হবে বলে আশা প্রকাশ করেছে।

শেয়ার করুন