আমিরাত ছাড়লেই বাংলাদেশীদের ভিসা বাতিল, প্রবাসীদের মধ্যে আতঙ্ক

প্রকাশ:

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশীদের ভিসা বাতিল হওয়ার বিষয়টি বাংলাদেশ দূতাবাস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। উদ্ভূত এই পরিস্থিতি নিয়ে দূতাবাস থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সঠিক, নির্ভরযোগ্য এবং হালনাগাদ তথ্য সংগ্রহের লক্ষ্যে একটি নিখুঁত ডাটাবেজ তৈরির কাজ শুরু করেছে দূতাবাস।

দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে, সমস্যায় থাকা প্রবাসী বাংলাদেশীদের নাম, পাসপোর্ট নম্বর, এমিরেটস আইডি নম্বর, পেশা, কোম্পানি বা স্পন্সরের নাম, মোবাইল নম্বর, ভিসার মেয়াদ উত্তীর্ণ ও বাতিলের তারিখ, আবেদনকারীর বর্তমান অবস্থা, বাংলাদেশে সর্বশেষ গমনের তারিখ, বর্তমান ঠিকানা, মোবাইল, হোয়াটসঅ্যাপ এবং ই-মেইল নম্বর নির্ধারিত ই-মেইলে দ্রুত পাঠাতে হবে।

দুবাইয়ের আজমান শহরে অবস্থানরত বাংলাদেশী ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার বর্তমানে বন্ধ রয়েছে। নতুন করে এমপ্লয়মেন্ট ভিসা বা ভিজিট ভিসায় কাউকে আসতে দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, যাদের ভিসা আছে তারা যদি আবুধাবি বা দুবাই থেকে বাইরে যান, তবে ইমিগ্রেশন পার হওয়ার সাথে সাথেই তাদের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে। এ নিয়ে প্রবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক কাজ করছে এবং অনেকেই ছুটি নিয়ে দেশে যেতে ভয় পাচ্ছেন।

উল্লেখ্য, ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় থেকেই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই শ্রমবাজারটি বন্ধ রয়েছে। অন্তর্বর্তী সরকার শ্রমবাজার খোলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এর পরিবর্তে আমিরাত সরকার বাংলাদেশীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগী বাংলাদেশীদের মতে, আমিরাত সরকার বাংলাদেশীদের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ তুলে তাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করছে।

শেয়ার করুন