ইয়েমেন ও সোমালিয়ার উপকূলের কাছাকাছি পৃথক দুটি ঘটনায় সশস্ত্র জলদস্যুদের কবলে পড়েছে দুটি বাণিজ্যিক জাহাজ। এসব জাহাজে থাকা ২২ জন ভারতীয় নাবিক বর্তমানে নিরাপদে রয়েছেন বলে শুক্রবার জানিয়েছেন ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
প্রথম ঘটনাটি ঘটে সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলের কাছে। গত ১৭ আগস্ট ক্যামেরুনের পতাকাবাহী এম/ভি লুতুফ নামের জাহাজটি জলদস্যুদের কবলে পড়ে। ১০ জন নাবিকবাহী ওই জাহাজটিতে ছয়জন ভারতীয় ছিলেন।
এর তিন দিন পর ২০ আগস্ট ইয়েমেনের উপকূলের কাছে এডেন উপসাগরে দ্বিতীয় জাহাজটি ছিনতাইয়ের শিকার হয়। এম/টি সিবু-১ নামের ইরিত্রিয়ার পতাকাবাহী ওই তেলবাহী ট্যাংকারে মোট ২০ জন নাবিক ছিলেন, যার মধ্যে ১৬ জন ভারতীয়। ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, দুই জাহাজে থাকা মোট ২২ জন ভারতীয় নাবিকই অক্ষত ও নিরাপদে আছেন।





