একীভূত হলো বিডা-বেজা-পিপিপিএ, শুরু হলো ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর যাত্রা

প্রকাশ:

বিনিয়োগ পরিবেশকে আরও সহজ ও সমন্বিত করার লক্ষ্যে সরকার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে (পিপিপিএ) একীভূত করে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠন করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন এই কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এই নতুন আইন কার্যকর হওয়ার সাথে সাথেই বিডা, বেজা ও পিপিপিএ বিলুপ্ত হয়ে গেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আইনের ধারা ১-এর উপধারা (২)-এ দেওয়া ক্ষমতাবলে বৃহস্পতিবার থেকেই ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ কার্যকর করা হয়েছে। বিডা সূত্রে জানা গেছে, গেজেট কার্যকর হওয়ার পর থেকে তিন সংস্থার যাবতীয় কার্যক্রম এখন ‘ইনভেস্ট বাংলাদেশ’ নামেই পরিচালিত হবে। নতুন কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো, বিভিন্ন উইং ও টিম গঠনের কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

নতুন আইন অনুযায়ী, ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে কাজ করবে। এর প্রধান কার্যালয় ঢাকায় থাকবে এবং সরকারের অনুমোদন সাপেক্ষে দেশের বিভিন্ন স্থানে শাখা ও বিদেশে লিয়াজোঁ কার্যালয় স্থাপনের সুযোগ রাখা হয়েছে। কর্তৃপক্ষ পরিচালনার জন্য একজন চেয়ারম্যান ও সাতজন সদস্য নিয়ে একটি বোর্ড গঠন করা হবে, যেখানে চেয়ারম্যান একই সঙ্গে কর্তৃপক্ষের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন এই সংস্থার মূল দায়িত্বগুলোর মধ্যে রয়েছে বিনিয়োগের সম্ভাবনা চিহ্নিত করা, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রচার চালানো, বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করা। এছাড়া বিনিয়োগকারীদের সেবা সহজতর করা ও বিনিয়োগ কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা প্রদানের দায়িত্বও পালন করবে এই কর্তৃপক্ষ। একীভূতকরণের ফলে বিডা, বেজা ও পিপিপিএর বিদ্যমান সম্পদ, নথি, চুক্তি, দায়-দেনা ও অন্যান্য বিষয় ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর কাছে হস্তান্তর হবে এবং তিন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও নতুন কর্তৃপক্ষের অধীনে দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন