ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৯৮ জন গ্রেপ্তার, মামলা ৪৭

প্রকাশ:

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য, অস্ত্র ও বিভিন্ন আলামতসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৩১ জন, ওয়ারীতে ৯১ জন, মতিঝিলে ৪৮ জন, তেজগাঁওয়ে ৫১ জন, মিরপুরে ১৩১ জন, গুলশানে ৪৫ জন, উত্তরায় ৫৯ জন, গোয়েন্দা বিভাগে চারজন এবং সিটিটিসি ইউনিটে দুজন রয়েছেন।

অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে দুটি দেশীয় পাইপগান, দুই রাউন্ড কার্তুজ এবং চারটি চার্জারসহ ৩৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি। এছাড়া ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা, এক কেজি ১৫০ গ্রাম গাঁজা এবং ৭০ বোতল স্কাফ জব্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, অভিযানে একটি চাকু, কাঁচি, ব্লেডের অংশ, পাঁচটি মোবাইল ফোন, নগদ অর্থসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর তালিকায় একটি ট্রাক, একটি মোটরসাইকেল এবং একটি সিপিইউ রয়েছে। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন