বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৫ পাইলটের নতুন দায়িত্ব

প্রকাশ:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচজন পাইলটকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদায়ন করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালন শাখা থেকে জারি করা পৃথক অফিস আদেশের মাধ্যমে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী, লাইন পাইলট মোহাম্মদ আব্দুর রহমান আহমেদকে ডেপুটি চিফ অব ট্রেনিং পদে এবং ডেপুটি চিফ অব ট্রেনিং সালেক আলেদীনকে ডেপুটি চিফ অব টেকনিক্যাল পদে পদায়ন করা হয়েছে। এছাড়া ডেপুটি চিফ অব টেকনিক্যাল আনিতা রহমানকে লাইন পাইলট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্য একটি আদেশে চিফ অব টেকনিক্যাল অপারেশনস তানভীর খুরশিদকে লাইন পাইলট এবং লাইন পাইলট গোলাম কায়সার রাশেদীনকে চিফ অব টেকনিক্যাল অপারেশনস পদে বদলি করা হয়েছে।

গত ১৯ আগস্ট জারি করা এই অফিস আদেশগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের নতুন কর্মস্থলে যোগদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া বিমানের পরিচালক, মহাব্যবস্থাপক, চিফ ও প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এই বদলি ও পদায়নের বিষয়টি অবহিত করা হয়েছে।

শেয়ার করুন