বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের ছয়জন সদস্য ভোট প্রদান থেকে বিরত থেকেছেন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ভোট না দেওয়া এমপিদের মধ্যে বিএনপির তিনজন, জামায়াতে ইসলামীর একজন, খেলাফত মজলিসের একজন এবং একজন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন।
গত বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যরা সরাসরি ভোটের মাধ্যমে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করেন। এবারের নির্বাচনে মোট ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন। দীর্ঘ ৩৫ বছর পর একাধিক প্রার্থীর অংশগ্রহণে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় এবারের ভোট রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব পেয়েছে।
ভোট না দেওয়া বিএনপির তিন সংসদ সদস্য হলেন মির্জা আব্বাস, ওসমান ফারুক ও মোস্তফা কামাল পাশা। অন্যদের মধ্যে রয়েছেন জামায়াতের বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিসের আবুল হাসান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারাহানা।
সংসদ সচিবালয় সূত্র জানায়, বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না বলে স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছিলেন। এ কারণে তিনি ভোটগ্রহণে উপস্থিত ছিলেন না। তবে বাকি পাঁচ সংসদ সদস্য কেন ভোট দেননি, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এবারের রাষ্ট্রপতি নির্বাচন ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।





