ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করল সংযুক্ত আরব আমিরাত

প্রকাশ:

সংযুক্ত আরব আমিরাত ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম এবং অর্থ লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার আবুধাবি এই ঘোষণা দেয়। দেশটির জলসীমায় বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ এনে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তেহরান এই হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।

বিশ্লেষকদের মতে, ইরানের অর্থনীতিতে দুবাইয়ের অত্যন্ত গভীর ও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় এই নিষেধাজ্ঞা দেশটির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে। অবসরপ্রাপ্ত জেনারেল ও যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মার্ক কিমিট আলজাজিরাকে বলেন, দুবাই নীরবে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে। চীন ও তুরস্ককে ছাড়িয়ে প্রতিবছর ইরানের মোট আমদানির প্রায় এক-তৃতীয়াংশ পণ্য দুবাই থেকে সরবরাহ করা হয়। তাই এই বাণিজ্য বন্ধ হওয়ার প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী হবে।

এর আগে যুদ্ধ শুরুর কয়েক দিন পর মার্চের শুরুতে দুই দেশের মধ্যে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে জুনের শেষ দিকে দুবাইয়ের জেবেল আলি বন্দর দিয়ে আবার বাণিজ্য শুরু হয়। তবে গত সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ৬০ দিনের শান্তি আলোচনার সময়সীমা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পরদিন এই হামলার ঘটনা ঘটে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি এক বার্তায় জানান, এ ধরনের অভিযোগ প্রতিবেশীসুলভ নীতির পরিপন্থি এবং এটি আঞ্চলিক পারস্পরিক বিশ্বাস গড়ার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে। তেহরানের ধারণা, এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো ষড়যন্ত্র হতে পারে।

এদিকে, বর্তমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে কোনো ধরনের সহায়তা না দিতে উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করেছেন ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আবদোল্লাহি। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি বা সম্পদ, বিশেষ করে বুলগেরিয়া ও সাইপ্রাসকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে ইরান। এর জবাবে ন্যাটোর এক কর্মকর্তা জানিয়েছেন, জোটটি যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত এবং সব মিত্র দেশকে রক্ষায় সর্বদা যা প্রয়োজন তা-ই করবে।

শেয়ার করুন