খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে একই এলাকায় দুই যুবকের লাশ উদ্ধার

প্রকাশ:

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন হরিণটানা ৮০ বিঘা কালভার্ট সংলগ্ন এলাকায় একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বুধবার রাতে নাজমুল (২৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। রাত সাড়ে ৯টার দিকে তাকে গুলি করা হয় এবং গুলিবিদ্ধ অবস্থায় দৌড়ে একটি বাড়ির গলিতে গিয়ে তিনি মারা যান।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দ মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। তবে এখন পর্যন্ত কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা শনাক্ত করা সম্ভব হয়নি।

এর আগে একই দিন বিকেল পৌনে ৬টার দিকে ওই একই এলাকায় সুজন হাওলাদারের চায়ের দোকানের সামনে রাজমিস্ত্রি মো. মনজুরুল ইসলাম (২৩)-এর ওপর সশস্ত্র হামলা চালানো হয়। স্থানীয়দের অভিযোগ, চিহ্নিত সন্ত্রাসী আলামিন হাসান সাইফির নেতৃত্বে কালা রায়হান, শামীম ও ফারদিনসহ ৮-১০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মনজুরুলের ওপর আক্রমণ করে। এতে তিনি গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।

একই এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করে ঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তের জন্য কাজ চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন